ফেনী সীমান্তে ৪০ কেজি গাঁজা রেখে পালিয়েছে চোরাকারবারি
ফেনীর ছাগলনাইয়ার চম্পকনগর সীমান্তে ৪০ কেজি গাঁজা রেখে পালিয়েছেন এক চোরাকারবারি।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে বর্ডার গার্ড ফেনী ব্যাটালিয়নের চম্পকনগর বিওপির একটি বিশেষ টহলদল ভারতীয় গাঁজাভর্তি ১৪ বস্তা উদ্ধার করেন।
৪ বিজিবি জানায় , শুক্রবার সকালে বিজিবির চম্পকনগর বিওপির একটি বিশেষ টহলদল ছাগলনাইয়া উপজেলার পূর্ব চম্পকনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪০ কেজি ভারতীয় গাঁজা ও ১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।
বিজিবির ভাষ্যমতে, বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে গাঁজা ও মদ রেখে পালিয়েছে চোরাকারবারি।
৪ বিজিবির অধিনায়ক কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, জব্দকৃত গাঁজা ও মদ উদ্ধারের ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা করা হয়েছে।
আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।