প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৫
ময়মনসিংহে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে ভাঙচুর করেন গণঅধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে পৌর শহরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। পরে উপজেলার জাপা কার্যালয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়।
মিছিল শেষে মুক্তিযোদ্ধা সংসদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে।
তা না হলে, গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা চুপ করে ঘরে বসে থাকবে না। তারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যে কোনো ধরনের কঠোর কর্মসূচি পালন করতে প্রস্তুত রয়েছে।
এ সময় ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. কাঞ্চন আহমেদ, মহানগর গণঅধিকার পরিষদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমির খান, ঈশ্বরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহসহ স্থানীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com