প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫
ঝালকাঠিতে মনোনয়ন নিয়ে দুই বিএনপি নেতার দ্বৈরথ চরমে
ঝালকাঠির – ১ (রাজাপুর ও কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই নেতার মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত সংবাদ সম্মেলন করার পরেই অপর মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেছেন।
গাড়িবহরে হামলার অভিযোগ এনে গোলাম আজম সৈকত রোববার (১২ অক্টোবর) দুপুর ১টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। অন্যদিকে একই সময়ে রাজাপুর উপজেলার বাঘরী এলাকায় বহিষ্কৃত বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের বাসভবনে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন রফিকুল ইসলাম জামাল।
গোলাম আযম সৈকত বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলাম। গত ১১ অক্টোবর রাত ১২টার দিকে রাজাপুরের পুটিয়াখালীর মিরের হাট সোনালী মোড়ে রফিকুল ইসলাম জামালের অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে আমাদের গাড়িবহরে হামলা চালায়।
অন্যদিকে রফিকুল ইসলাম জামাল সংবাদ সম্মেলনে বলেন, রাজাপুরের পুটিয়াখালী এলাকার ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে গুজব রটানো হচ্ছে। আমার একাধিক নেতাকর্মীর নামও উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও দাবি করেন, গোলাম আজম সৈকত নামে একজন বিতর্কিত ব্যক্তি ও তার কয়েক ভাই এসব অপপ্রচার চালাচ্ছে। তিনি অতীতে দলীয় সিদ্ধান্তের বাইরে কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে কেন্দ্র থেকে বহিষ্কৃত হয়েছেন – বিষয়টি যাচাই করলে সত্যতা পাওয়া যাবে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com