প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫
৯০টি শালিক পাখি উদ্ধার করে অবমুক্ত করল বিজিবি
ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা থেকে ৯০টি শালিক পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৪নভেম্বর) সকালে গুতুমা বিওপির নিয়মিত টহল দল সীমান্তে নজরদারি চালানোর সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে বাঁশের ঝুড়ি হাতে সীমান্তের দিকে যেতে দেখে ধাওয়া করে বিজিবি।
ওই ব্যক্তি ঝুড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে টহল দল ঝুড়িটি তল্লাশি করে এর ভেতরে রাখা ৯০টি বন্য শালিক পাখি দেখতে পায়। দীর্ঘক্ষণ খাঁচাবন্দি থাকায় পাখিগুলো ছিল অত্যন্ত ক্লান্ত ও ভীতসন্ত্রস্ত।
বিজিবি সদস্যরা দ্রুত ঝুড়িটি খুলে পাখিগুলোকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করেন।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, খাঁচা থেকে মুক্তি পেয়ে শালিকগুলো মুহূর্তেই সীমান্ত এলাকার আকাশে উড়াল দেয়। সীমান্ত সুরক্ষার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণেও বিজিবির এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
যদিও কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে বন্যপ্রাণী পাচার রোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com